জর্জ ম্যালিয়েসঃ বিশ্ব চলচ্চিত্রের এক অনন্য জাদুকর
অস্কারে মনোনয়ন পাওয়া সিনেমা “হিউগো” (Hugo) দেখছিলাম। এক মা-বাবা হীন এক বাচ্চার কাহিনী। বাচ্চাটি একা একা রেল স্টেশনে থাকে এবং ক্লক টাওয়ারের ঘড়িগুলোকে নিয়মিত পরিচর্যা করে সচল রাখে। কিন্তু দেখতে দেখতে সিনেমাটি আরেকজনের গল্প হয়ে গেল। জর্জ ম্যালিয়াস নামক এক ষাটোর্ধ খেলনা বিক্রেতা যার ওই স্টেশনেই একটা দোকান আছে। পরবর্তীতে জানা যায় সেই ভদ্রলোক সিনেমা বানাতেন এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন কারণে তিনি নিঃস হয়ে পড়েন। তার সব সিনেমা হারিয়ে যায়, যার বেশিরভাগই জুতোর হিল তৈরির জন্য গলিয়ে ফেলা হয়। আমি তখন পর্যন্ত জর্জ ম্যালিয়েস কে চিনতাম না, জানতাম না যে তিনি কি শুধুই একটি ফিকশনাল চরিত্র নাকি সত্যিকারের। পরে ইন্টারনেটে ঘাটাঘাটি করে জানলাম এক অদ্ভুত জাদুকরের কথা যিনি তার মেধাতে তার সময়ে সবাইকে ছাড়িয়ে অনেক দূরে পৌঁছে গিয়েছিলেন। আসুন ম্যালিয়েস সম্পর্কে কিছু কথা জানি। জন্ম এবং স্বপ্নের দিকে চলা ম্যারি জর্জ জিন ম্যালিয়েস (Marie-Georges-Jean M é li è s) ১৮৬১ সালে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন। ১৮৮০ সালে তিনি তার গ্র্যাজুয়েশন শেষ করেন এবং পারিবারিক জুতার ব্যবসায় প্রবেশ করেন...